সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২২৮ দশমিক ৩১ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭৭ দশমিক ১০ পয়েন্টে এবং ২ হাজার ৬৭৪ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গতকাল ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকার। ডিএসইতে গতকাল  ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৭টির বা ৩৪ দশমিক ৭৯ শতাংশের, দর কমেছে ২০৮টির বা ৫৬ দশমিক ৯৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির বা ৮ দশমিক ২২ শতাংশের দর।