বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নতুন মৌসুম জানুয়ারিতে শুরু হবে ঘোষণা দিয়েছেন সালাম মুর্শেদী। গতকাল বাফুফের সভা তিনি বলেছেন জানুয়ারির প্রথম সপ্তাহে লিগ শুরু হবে। দলবদল কবে শুরু হবে সেটি বলেননি তিনি। নভেম্বর-ডিসেম্বরে স্বাধীনতা কাপ ফুটবল এবং ফেডারেশন কাপ ফুটবল হবে। যদি তাই হয় তাহলে খেলোয়াড়দের দলবদল কবে শুরু হবে সেটি ঘোষণা করেননি সালাম। লিগ শুরু হওয়ার আগে দুটি টুর্নামেন্ট হবে। তার আগে দলবদল শেষ হতে হবে। সেটি কবে হবে। লিগের খেলা ঢাকায় ভেন্যু হবে কি না সেটি চূড়ান্ত করেনি বাফুফে। তবে ঢাকাসহ ১৯টি ভেন্যুর নাম জমা দেওয়া হয়েছে বাফুফেতে। আগামী ৩০ অক্টোবর বাফুফের কংগ্রেস ঘোষণা করা হয়েছে।
ফিফার সঙ্গে দেনদরবার করবে বাফুফে
বাফুফের ২১ জনের কমিটি কেটে ছোট করতে বলা হয়েছে। এটা নিয়ে গতকাল নির্বাহী কমিটির সভায় বসেছিল বাফুফে। ২১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ জন। তারা ১৪ জন মিলে সিদ্ধান্ত নিয়েছেন ফিফার বিষয়টি নিয়ে কথা বলবেন। কত জনের কমিটি হবে সেটা নিয়েও। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাফুফে তাদের নির্বাহী কমিটির আকার কমিয়ে আনতে আগ্রহী না। নির্বাহী কমিটির আকার কমিয়ে আনার সঙ্গে সঙ্গে ফিফা বলেছে ডেলিগেটস সংখ্যাও কমিয়ে আনতে হবে। এই দুটি বিষয়ের ওপর জোর দিয়েছে ফিফা।
গতকাল বিকালে সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘ফিফা এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা একটি কমিটি গঠন করে দেব। সেই কমিটি ফিফার পাঠানো বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে একটা প্রতিবেদন তৈরি করবে।’ তবে সালাম একটা কথা পরিষ্কার জানিয়েছেন, তারা ফিফার সঙ্গে কথা বলবেন। সেটা ভার্চুয়াল মিটিং হতে পারে কিংবা অন্য যে কোনোভাবেই হোক কথা বলবেন।’
তৃতীয় বিভাগ ফুটবল থাকছে না
ফুটবলের আগামী মৌসুম হতে তৃতীয় বিভাগ ফুটবল লিগ আর রাখা হচ্ছে না। প্রথম বিভাগ ফুটবল লিগ এবং দ্বিতীয় বিভাগ লিগ রাখা হবে, তৃতীয় বিভাগ না রাখার সিদ্ধান্ত হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে তৃতীয় বিভাগ ফুটবল কাঠামো। তৃতীয় বিভাগের দলগুলোকে দুই ভাগ করে একভাগ প্রথম বিভাগে চলে যাবে এবং অন্য ভাগ দ্বিতীয় বিভাগে যাবে।
সালাম মুর্শেদী বলেছেন, যাদের কাঠামো শক্তিশালী তারা প্রথম বিভাগে আর অন্যরা নিচে নেবে আসবে। এটা শুরু হবে ২১-২২ মৌসুমে। মোদ্দাকথা হচ্ছে, তিনটি লিগের পরিবর্তে দুটি লিগ হবে। এটিও ফিফার নির্দেশে করতে হচ্ছে বলে জানিয়েছেন সালাম মুর্শেদী।
