মোংলায় প্রতারক দম্পতি!

ওয়ালটনের ভুয়া ডিলার সেজে ক্রেতাদের অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৬

মোংলায় ওয়ালটনের ভুয়া সাব ডিলার সেজে অর্ধেক দামে নতুন পণ্য দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হীরা বেগম ও মিজান শেখ দম্পতির বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, ভুক্তভোগীরা হীরা বেগমের কাছে গিয়ে তাদের দেওয়া টাকা ফেরত কিংবা টাকার বিনিময়ে মালামাল চাইতে গেলে উলটা তাদের মারধরসহ নানা ধরনের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে হীরা বেগমসহ তার স্বামী মিজান শেখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। আর মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীদের অভিযোগ থেকে ও সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হীরা বেগম (২৮) ও তার স্বামী মিজান শেখ (৩৫) ওয়ালটনের ভুয়া সাব ডিলার সেজে দুই জনে মিলে ঐ ইউনিয়নের চৌরিডাঙ্গা, ঠোঁটারডাঙ্গা, আন্ধারিয়া ও সোনাখালী গ্রামের প্রায় ২০০ মানুষের কাছ থেকে ওয়ালটনের বিভিন্ন ধরনের নতুন পণ্য অর্ধেক দামে দেওয়ার কথা বলে নগদ টাকা নেন। এরপর তাদের কোনো মালামাল না দিয়ে ‘আজ নয় কাল দেব’ বলে মাসের পর মাস ঘুরিয়ে আসছেন। গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান টুলু (৪২) হীরা বেগমকে দেওয়া টাকা ফেরত কিংবা বিনিময়ে মালামাল চান। কথা কাটাকাটির একপর্যায়ে হীরা ও তার          স্বামী মিজান মিলে টুলুকে বেদম মারপিট করেন। এ ঘটনায় মঙ্গলবার টুলু হীরা বেগম ও মিজানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন।