বান্দরবানে গত বুধবার প্রবল বৃষ্টিপাতের সময় পাহাড়ের ঝিরিতে পড়ে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মায়ের সন্ধান পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর ইউনিয়নের সাঙ্গাই ত্রিপুরাপাড়া এলাকায় জুম খামারে কাজ শেষে পাহাড়ের রাঙাঝিরির ছড়ায় গোসল করতে নেমেছিল একই পরিবারের চার জন জুমিয়া। বুধবার সন্ধ্যায় হঠাত্ প্রবল বৃষ্টি শুরু হলে তাড়াহুড়া করে বাড়ি ফেরার পথে পা পিছলে মাটি ধসে পাহাড়ি ঝিরির পানিতে পড়ে যায় জুমিয়ারা। পানির স্রোতে ভেসে নিখোঁজ হয় মা ও দুই শিশু। খবর পেয়ে সেনাবাহিনী, পুুলিশ, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে উদ্ধার তত্পরতা চালায়। উদ্ধারকর্মীরা গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে বোন বাজেরুঙ ত্রিপুরা (১২) এবং সাড়ে ১১টার দিকে রাঙাঝিরির সাঙ্গু নদের মোহনামুখ থেকে ভাই প্রদীপ ত্রিপুরার (৭) মৃতদেহ উদ্ধার করে। তবে এখনো শিশুদের মা কৃষ্ণতী ত্রিপুরার (৪৫) সন্ধান পাওয়া যায়নি। সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
