ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) ভারত ও বাংলাদেশের সম্পর্ককে জোরদার করেছে। দুই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে ভূমিকা রেখে চলেছে। এদেশের প্রতিভাবান ও সম্ভাবনাময় কর্মীরা ভারতে পড়াশোনা ও প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এই তরুণদের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো গভীরতা লাভ করেছে।
‘আইটেক ডে’ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে বাংলাদেশের আইটেক স্কলাররা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়। ভারতে এই প্রোগ্রামে অংশ নেওয়া পেশাদার তরুণরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা বাংলাদেশে এই প্রোগ্রামে অংশগ্রহণকারীর সংখ্যা আরো বৃদ্ধির আহ্বান জানান।
