দেশে ছয় মাসের বেশি সময় পর করোনা ভাইরাসের দৈনিক শনাক্ত রোগীর হার ৬ শতাংশের নিচে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৬২ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ৫ দশমিক ৯৮ শতাংশ। এর আগে গত ১১ মার্চ দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ ছিল। সে হিসেবে ২৭ সপ্তাহ পর তা আবার ৬ শতাংশের নিচে নেমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১০৯ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০১ জন নতুন রোগী শনাক্ত এবং ৫১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত রোগী কমলেও মৃত্যু অপরিবর্তিত রয়েছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ১৩৫ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের দুই-তৃতীয়াংশের বেশি।
সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন সেরে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৩১ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৩ লাখ ৬৩ হাজার ৬০৯টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪৩ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৯ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, রাজশাহী বিভাগের চার জন, খুলনা বিভাগের ছয় জন, বরিশাল বিভাগের তিন জন ও এক জন রংপুর বিভাগের বাসিন্দা। এক দিনে মৃতদের মধ্যে ২৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। এর মধ্যে ২৫ জন ছিলেন পুরুষ, আর ২৬ জন নারী। তাদের মধ্যে ৪১ জন সরকারি হাসপাতালে এবং ১০ জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
