বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদকে জানিয়েছেন, বাংলাদেশকে জিএসপি প্লাস দেওয়ার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বাংলাদেশ যাতে জিএসপি প্লাস সুবিধা পায়, তার জন্য সরকার কাজ করছে। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় এমপি এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, ইইউর কাছ থেকে জিএসপি প্লাস সুবিধা পেতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ এলডিসি হিসেবে ইইউ থেকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি বাজারসুবিধা পাচ্ছে। ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলে বর্তমান জিএসপি আইন অনুযায়ী তিন বছর ‘ট্রানজিশন টাইম’ পাওয়ার কথা রয়েছে। ২০২৯ সালের পর ইইউতে বাংলাদেশের শুল্কমুক্ত বাজারসুবিধা অব্যাহত রাখতে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।
সরকারি দলের এমপি নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, বর্তমানে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। ২০২০-২১ অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নে ১৭ হাজার ৪৬৪ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। আর যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৯৭৪ দশমিক শূন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। ২০২০-২১ অর্থবছরে চীন থেকে ১১ হাজার ৮৩০ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।
‘১০৯০’ নম্বরে কল করে জানা যাবে আবহাওয়া বার্তা
সরকারি দলের এমপি নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সংসদকে জানান, যে কোনো মোবাইল থেকে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করে সমুদ্রগামী জেলেদের জন্য আগাম বার্তা, দৈনন্দিন আবহাওয়ার বার্তা, ঘূর্ণিঝড়ের আগাম বার্তা, নদীবন্দরগুলোর সতর্কবার্তা ও বন্যার পূর্বাভাস সম্পর্কে জানা যাবে।
