বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুয়ার বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যার সমাধান আমরা চাই এবং এ জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়ালি আয়োজিত ডিকাব টকে তিনি একথা বলেন। গণমাধ্যমের কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন—ডিকাবের সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।
হাইকমিশনার বলেন, অস্ট্রেলিয়া অনেকগুলো আন্তর্জাতিক ফোরামের সদস্য। অনেক দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব আছে এবং তারা একে-অপরকে সহায়তা করে। বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়ার ব্যাপারে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতিকে আমরা সম্মান করি। আমরা কখনো কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেই না বা বেছে নিতে বলি না।
অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের জোট কোয়াড প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমরা কোয়াডের সদস্যসংখ্যা বাড়াতে চাই; কিন্তু এ ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। কোয়াডে সমমনা দেশগুলো সদস্য এবং তারা নিজেদের মধ্যে কোভিড, ব্যবসায়-বাণিজ্য, নিরাপত্তাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে থাকে।
অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া বর্তমানে দিল্লি থেকে হচ্ছে এবং সেটি আবার বাংলাদেশ থেকে হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা আপাতত নেই।
