বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইনসিওরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে বেসরকারি খাতের ব্যাংক এনআরবিকে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি ব্যাংকটির এমডি বরাবর পাঠানো হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে পাইওনিয়ার ইনসিওরেন্সের শেয়ারদর অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। মাত্র এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা থেকে গত ১৪ জুন ২১৫ টাকায় ওঠে। অর্থাত্ এক বছরে শেয়ারটির দর বেড়েছিল সাড়ে সাত গুণ।
সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাভাবিক এ দর বৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি ব্যাংক জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর পর তদন্ত শুরু হলে এনআরবি ব্যাংক বিমা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে শুরু করে। এতে দরপতন শুরু হয় শেয়ারটির।
সূত্র আরো জানিয়েছে, শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থানের প্রেক্ষাপটে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম তদারক করতে গিয়ে এ তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। তার ভিত্তিতে এনআরবি ব্যাংককে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।
