রাজধানী মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড ও করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রয়াত শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী সকিনা খাতুন। এ সময় একটি পুরুষ ওয়ার্ডও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. জামালুন্নেছা, আদ্-দ্বীন মেডিক্যাল কলেজসমূহের উপদেষ্টা আনোয়ার হোসেন মুন্সী, আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিনসহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. জামালুন্নেছা ও আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন।
কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক ডা. সাইফুল বাহার খান ও করোনারি কেয়ার ইউনিটের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান।
