শিশুদের মুখে ওষুধ দেওয়ার সময় হ্যান্ডগ্লাভস ব্যবহার করুন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো শিশুদের। আমার ছোট্ট শিশুটিও ভিটামিন এ ক্যাপসুল খেলো। লক্ষ করলাম একটি পাত্র অথবা কৌটা থেকে তুলে কাচি দিয়ে মুখ কেটে শিশুদের মুখে তুলে দেওয়া হচ্ছে। তবে যিনি খাওয়াবেন তাঁর হ্যান্ডগ্লাভস ব্যবহার করা প্রয়োজন বলে মনে করি। কারণ হাত সবসময় পরিষ্কার নাও থাকতে পারে। হ্যান্ডওয়াশ দিয়ে তো প্রথম হাত ধোয়ার নিয়ম চালু রাখতেই হবে; তার সঙ্গে বাধ্যতামূলক করা উচিত ওয়ানটাইম হ্যান্ডগ্লাভস ব্যবহার। হাত পরিষ্কার থাকলেও সময় যাওয়ার সঙ্গে সঙ্গে হাত ঘামতে থাকে। পরিবেশের ধুলোবালি ঘামের সঙ্গে আটকে যায় অথবা যিনি খাওয়াচ্ছেন তাঁর হাতে কোনো চর্মরোগও থাকতে পারে! সবগুলো বিষয়ই কিন্তু শিশুস্বাস্থ্যের জন্য নাজুক। আমাদের গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কেন্দ্রে একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলে জানা গেল, সরকার থেকে এমন কোনো নির্দেশনা তাঁরা পাননি। এ বিষয়ে যদি কোনো নির্দেশনা না থাকে তবে শিশুস্বাস্থ্যের কথা বিবেচনায় এনে যে কোনো ধরনের ওষুধ বা ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচিতে হ্যান্ডগ্লাভস ব্যবহারে বাধ্যবাধকতা আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তবে অবশ্যই গ্লাভসগুলো ওয়ান টাইম ইউজ হতে হবে। যদি বারবারই একটিই ব্যবহার করা হয় তবে তাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে।

সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর