আরব দেশের এক ছোট্ট শহর। সেই শহরের এক কোণে থাকত এক গরিব নারী। সে একদিন বাজারে যায়। বাজার থেকে একটি সুন্দর মুরগি কেনে। সন্ধ্যের আগেই সে মুরগি নিয়ে ঘরে ফেরে।
মাঝ-রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। মুরগিটা একটি রুপোর ডিম পাড়ে। তারপর প্রতিদিন একটি করে ডিম পাড়তে থাকে। গরিব নারী ভাবে—যদি মুরগিটা রোজ দু-তিনটা ডিম পাড়ত! তবে আর কী! কেবল রুপোর ডিম বেচেই জীবনটা কাটত।
অভাবী নারী সেইমতো এক বুদ্ধি আঁটে। বেশি ডিমের আশায় আশ্চর্য মুরগিটাকে পেট পুরে খাওয়ায়।
ফল হয় উলটো। বেশি খাবারে মুরগিটার পেটের অসুখ করে। মুরগিটি মারা যায়। লোভী নারী রোজকার রুপোর ডিমটাও হারায়।
আরবের লোককাহিনি
রূপান্তর :কুতুব আজাদ
