বলিউড অভিষেকের অপেক্ষায় জয়া

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯

 বিনোদন রিপোর্ট

 

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্যারিয়ার মডেলিং দিয়ে শুরু হলেও নাটক-চলচ্চিত্রেও রেখেছেন সফলতার ছাপ। সেই ধারাবাহিকতায় একের পর এক প্রশংসিত চলচ্চিত্র উপহার দিয়ে যাচ্ছেন তিনি। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন করে পূর্ণ করছেন ক্যারিয়ারের ঝুলি। এবার গুণী এই অভিনেত্রী ঢাকা-কলকাতা ছেড়ে পাড়ি জমাচ্ছেন বলিউডে! জানা গেছে, নকশাল আন্দোলনের গল্প নিয়ে নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সব ঠিক থাকলে এই সিরিজে বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করবেন জয়া আহসান। তত্কালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তিনটি পর্বে বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় নির্মিত হবে রাজনৈতিক এই সিরিজটি। যেখানে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন জয়া।

সিরিজটিতে জয়া আহসানের অভিনয় প্রসঙ্গে নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায় বলেন, ‘বেশ কিছুদিন আগে জয়া জাতীয় স্তরে তাকে সুযোগ দেওয়ার জন্য আমাকে বলেছিলেন। আমিও ভেবেছিলাম তার মতো গুণী একজন অভিনেত্রীর এমন সুযোগ পাওয়া দরকার। আমার এই সিরিজটির জন্যও তার মতো কাউকে দরকার ছিল। সেই জায়গা থেকেই লীলা মজুমদারের চরিত্রের জন্য বলতেই এক কথায় রাজি হয়েছেন তিনি।’

উল্লেখ্য, প্রযোজনা সংস্থা সিনেক্সের প্রযোজনায় সব ঠিক থাকলে সিরিজটি আগামীবছর আন্তর্জাতিক ওটিট প্লাটফর্মে মুক্তি পাবে। গত দেড়বছর ধরে চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। সিরিজটির শুটিং কলকাতা, মুম্বাই, কেরল, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন ও রাশিয়াতে করার কথা জানিয়েছেন নির্মাতা।

জয়া-নওয়াজ ছাড়াও সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রণিত রায়, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকেই। এছাড়াও থাকছেন বলিউডের পরেশ রাওয়াল, বোমান ইরানিসহ একঝাঁক তারকা। সিরিজটিতে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে ঘটা বামপন্থী আন্দোলনগুলোর কাহিনি তুলে ধরা হবে।