দুর্ঘটনার আশঙ্কা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুর উপজেলার শালীহর গ্রামে বাঁশের খুঁটিতে প্রায় এক কিলোমিটার এলাকায় পিডিবির বিদ্যুত্ সঞ্চালন লাইন নেওয়া হয়েছে। দীর্ঘদিনে এসব খুঁটি দুর্বল ও জরাজীর্ণ হয়ে ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। ফলে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছে গ্রামবাসী। তাদের অভিযোগ, বিদ্যুত্ সঞ্চালন লাইনের বাঁশের খুঁটি পরিবর্তন করে সিমেন্টের খুঁটি বসানোর জন্য দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, শালীহর গ্রামের নয়াপাড়া জামে মসজিদ এলাকায় পিডিবির বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিমেন্টের খুঁটি রয়েছে। সেই খুঁটি থেকে গ্রামের পিচঢালা পথের পাশ দিয়ে নিমতলী বাজার পর্যন্ত বিদ্যুত্ প্রায় এক কিলোমিটার এলাকায় বাঁশের খুঁটি পুতে বিদ্যুত্ সঞ্চালন লাইন নেওয়া হয়েছে। সেখানে থেকে অর্ধশতাধিক গ্রাহক সড়ক ও ফসলি জমিতে বাঁশের খুঁটি পুঁতে বাড়ি কিংবা সেচের জন্য বিদ্যুত্ সংযোগ নিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বাঁশের খুঁটিগুলো দুর্বল ও জরাজীর্ণ হয়ে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বৈদুতিক তারের ভারে বাঁশের দুর্বল খুিঁট হেলে পড়েছে। কোথাও আবার হেলে থাকা বাঁশের খুঁটি ঠেকনা দেওয়া হয়েছে অপর একটি বাঁশ দিয়ে। এই অবস্থায় যে কোনো মুহূর্তে খুঁটি ধসে কিংবা তার ছিড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা নূরুল হক বলেন, বিদ্যুত্ লাইনের বাঁশের খুঁটি নষ্ট কিংবা ভেঙে পড়লে গ্রাহকরা নতুন করে খুঁটি স্থাপন করেন। বিদ্যুত্ বিভাগ কোনো খবর নেয় না। পাঁচ বছর ধরে এভাবেই ঝুঁকিপূর্ণ উপায়ে বিদ্যুত্ ব্যবহার করে আসছে গ্রামবাসী। ইউপি সদস্য আব্দুল সেলিম বলেন, সড়কের পাশে বিদ্যুতের তারসহ বাঁশের খুঁটি হেলে পড়েছে। ঝড়-বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে দ্রুত বিদ্যুত্ লাইনের সংস্কার ও বাঁশের খুঁটি পরিবর্তন করে সিমেন্টের খুঁটি দেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গৌরীপুর বিদ্যুত্ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, প্রকল্পের মাধ্যমে উপজেলায় বিদ্যুত্ সঞ্চালন লাইন সংস্কার ও খুঁটি স্থাপনের কাজ চলছে। শালীহর গ্রামের বিদ্যুত্ সঞ্চালন লাইন সংস্কার ও বাঁশের খুুঁটি পরিবর্তন করে সিমেন্টের খুঁটি দেওয়া হবে।
