মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে হাঁস প্রজনন খামারে নেই প্রয়োজনীয় জনবল। ২৮ হাজার ডিম থেকে বাচ্চা ফুটানোর একমাত্র ইনকিউবেটর যন্ত্রটিও দক্ষ কর্মচারীর অভাবে নষ্ট হবার উপক্রম হয়েছে। বেলকুচিত উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেহানা খাতুন জানান, প্রয়োজনীয় লোকবল ও অর্থ বরাদ্দ পেলে এই খামার যমুনার চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের বিশেষ ভূমিকা রাখতে পারবে। সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গৌরাঙ্গ কুমার তালুকদার বলেন, দক্ষ কর্মচারীর সংকটের কারণে হাঁসের খামারটি অচল অবস্থার মুখে পড়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা হয়েছে। খুব শিগিগরই প্রয়োজনীয় দক্ষ কর্মচারী নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। জনবল পাওয়া গেলে প্রজনন খামারটি পুরো উদ্যমে চালু করা হবে।
