রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তি পালন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১০

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তৃতীয় বর্ষপূর্তি বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০১৮ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আরপিএমপি। এদিন দুপুরে আরপিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে বর্ষপূর্তির কেক কাটা ও তিন বছরের কার্যক্রম, সাফল্য আর অর্জনের তথ্যচিত্র সংবলিত প্রকাশনা প্রগতির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও মুক্তিযুদ্ধের বেশকিছু দুর্লভ চিত্র ছাড়াও আরপিএমপি গঠনসহ বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন ঘটনার তথ্য ও স্থিরচিত্র নিয়ে সাজানো আর্কাইভ উদ্বোধন করা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার প্রমুখ।