হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ার ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১০ শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে চেয়ারম্যানঘাট এলাকায় আটক করছে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিক চেয়ারম্যানঘাটের চতলারঘাটের জঙ্গল থেকে তাদের আটক করা হয়। তাদের রোহিঙ্গা পুনর্বাসন কর্তৃপক্ষের মাধ্যমে ভাসানচর ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির এসআই জাহের। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, দালাল চক্রের মাধ্যম ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে ১০ শিশু ও আট জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নারী-পুরুষ নৌকাযোগে পালানোর চেষ্টা করে। রাত ২টার দিকে তাদের বহনকারী নৌকাটি চেয়ারম্যানঘাটের পাশের চতলাঘাটের একটি জঙ্গলে তাদের নামিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ তাদের ফাঁড়িতে নিয়ে আসে।
