ফরিদগঞ্জের প্রাথমিক বিদ্যালয়
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জ উপজেলার ১৯০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ২২টি ও সহকারী শিক্ষকের ৯৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। তাছাড়া এইউইও তিনটি এবং ইউডিএ একটি পদ শূন্য রয়েছে। ফলে পাঠদান কার্যক্রম ও দৈনন্দিন রুটিন মাফিক অফিস কাজ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য জানিয়েছে। এদিকে শিক্ষা অফিস বিদ্যালয়ভিক্তিক শূন্য পদের সংখ্যা দিতে না পারায় তালিকা দেওয়া সম্ভব হয়নি। তবে ১৯০টি স্কুলের পদ সংখ্যার একটি তালিকা প্রদান করা সম্ভব হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি বিদ্যালয় খোলার পর এ সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিভাবকদের অনেকেই জানান। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনির উজ্জামান জানান, ফরিদগঞ্জ উপজেলার ১৯০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ২২টি ও সহকারী শিক্ষকের ৯৯টি পদ শূন্য আছে। নিয়মতান্ত্রিকভাবে শূন্য পদগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। কোন স্কুলে কতটি পদ শূন্য রয়েছে জানতে চাইলে, জবাবে তা দেওয়া সম্ভব না বলে জানান। তাছাড়া শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, স্কুল যেহেতু খুলেছে, সেহেতু নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ার কথা। আশা করি অচিরেই শূন্য পদ পূরণ হবে।
