লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে মো. দুলাল (৫০)  নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরসহ অভিযুক্ত যুবক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল স্থানীয় মৃত আজিজ উল্যার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। গ্রেফতারকৃত মেহেদী একই গ্রামের হাফিজের ছেলে। এদিকে অটোরিকশা চালক দুলাল হত্যার বিচার দাবি করেছেন তার ছেলে রাশেদ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহূত ছুরিটিও জব্দ করা হয়েছে।