ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. আতাউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, যে সব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রদত্ত ওয়েব লিংকে জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার রেজিস্ট্রেশন/নিবন্ধন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয়পত্রধারী যেসব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী এখনো টিকার নিবন্ধন করেননি তাদেরও একই সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে সরাসরি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
