চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজীগঞ্জে স্থাপনের দাবি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলার মধ্যবর্তী স্থান হাজীগঞ্জে স্থাপনের দাবিতে শুক্রবার মানববন্ধন করা হয়েছে। ‘হাজীগঞ্জ সচেতন নাগরিক ফোরাম’ এর ব্যানারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক ও বর্তমান ছাত্র নেতাসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। মানববন্ধনে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, সাবেক ছাত্রনেতা চঞ্চল সাহা প্রমুখ উপস্থিত  ছিলেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সংসদে বিল পাশ হয়। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার এবং বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য প্রাথমিকভাবে চাঁদপুর সদর জেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে (চর বহরিয়া) স্থান নির্ধারণ করা হয়। চাঁদপুরের চরাঞ্চলগুলো নদী ভাঙন এলাকা ও ঝুঁকিপূর্ণ। তাই জেলার মধ্যবর্তী স্থান হিসেবে হাজীগঞ্জে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবি জানান হাজীগঞ্জবাসী।