পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বান্দরবান: বান্দরবানে জিপের চাপায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম তৈয়বা সুলতানা (২৮)। রাত ৮টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা লম্বা রাস্তায় এ ঘটনা ঘটে। তৈয়বা সুলতানা চলন্ত গাড়ি থেকে পড়ে গেলে অপরদিক থেকে আসা একটি জিপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তৈয়বা সুলতানা বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকার প্রবাসী সৈয়দ আহমদের স্ত্রী। ঘটনার সত্যতা স্বীকার করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান, লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মিজান উদ্দীন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাতে উপজেলার রামনাথপুর ইউপির হাসিনা নগর ক্লাবের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। মিজান উদ্দীন মোটরসাইকেল যোগে বদরগঞ্জে আসার পথে হাসিনা নগর ক্লাবের মোড় নামক এলাকায় বিপরীত দিক হতে আসা এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মারা যান। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মীর্জাগঞ্জ (পটুয়াখালী): মীর্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামে দর্জিবাড়ি সংলগ্ন বাকেরগঞ্জ-মীর্জাগঞ্জ-বরগুনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় আবদুল খালেক বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবদুল খালেক বিশ্বাস উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত আবদুল জব্বার বিশ্বাসের ছেলে। মীর্জাগঞ্জ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।