মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে তালতলা-গৌড়গঞ্জ নদীর ভাঙন থেকে রক্ষা ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল আউটশাহী সিলিমপুর এলাকায় ভাঙনকবলিত নদীর তীরে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী, মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চলতি মৌসুমে উপজেলার আউটশাহী এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হয়েছে ২৫টি পরিবারের বসতবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে নদী সংলগ্ন শতশত পরিবারে ঘরবাড়ি, মন্দির, মাদ্রাসাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ। তাই ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, নদী ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা প্রতিরোধে উদ্যোগ নেবে বলে জানিয়েছে।
