বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডেঞ্জারাস কার্গো/কেমিক্যাল গুদাম পরিদর্শন করে। বিএনএসিডব্লিউসির সদস্য সচিব কমডোর জাহাঙ্গীর আদিল সামদানীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা থেকে ১৬ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।
বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে শিল্পভিত্তিক অর্থনীতির ব্যাপক প্রসার ঘটছে এবং এরই ধারাবাহিকতায় রাসায়নিক দ্রব্যের চাহিদাও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এই বর্ধিত চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে স্থল, সমুদ্র ও বিমানবন্দর দিয়ে প্রচুর পরিমাণে বিপজ্জনক/রাসায়নিক দ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং তা অনেক সময়েই বিভিন্ন কারণে বন্দরে মজুত থাকে। তাই বন্দরে এসব মজুতকৃত ডেঞ্জারাস কার্গো/কেমিক্যালের সঠিক ব্যবস্থাপনা করা না হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর হওয়ায় উল্লেখযোগ্য পরিমাণ ডেঞ্জারাস কার্গো এ বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের ডেঞ্জারাস কার্গো/কেমিক্যাল ব্যবস্থাপনা সুসংহতকরণের নিমিত্তে উক্ত পরিদর্শন দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে।
উল্লেখ্য যে, বিএনএসিডব্লিউসির বিশেষজ্ঞ দল ইতিমধ্যে দেশের দুইটি সমুদ্রবন্দর (চট্টগ্রাম ও মোংলা) এবং একটি স্থলবন্দর (বেনাপোল স্থলবন্দর) পরিদর্শন সম্পন্ন করেছে এবং উক্ত বন্দরসমূহের রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ সুপারিশমালা প্রদান করেছে। —আইএসপিআর
