সুন্দরবনে ইঞ্জিনচালিত নৌকায় কাঁকড়া পরিবহন করা যাবে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

হাইকোর্টের রায়

ইত্তেফাক রিপোর্ট

সুন্দরবনের দুবলার চর এবং সংলগ্ন এলাকা থেকে খুলনা পর্যন্ত সরকারঘোষিত রুটে ইঞ্জিনচালিত নৌকায় কাঁকড়া পরিবহন করা যাবে মর্মে রায় দিয়েছে হাইকোর্ট। তবে সংরক্ষিত বনাঞ্চলে ইঞ্জিনচালিত নৌকা প্রবেশ করতে পারবে না বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ও আল ফয়সাল সিদ্দিকী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানি করেন।

আইনজীবীরা জানান, নিবন্ধিত ট্রলারে পশুর নদী ব্যবহার করে দুবলার চর থেকে সব ধরনের মাছ পরিবহনের অনুমতি আছে বন বিভাগের। তবে কাঁকড়া বহনের অনুমতি দেওয়া হচ্ছিল না। ফলে ধরার পর খুলনায় পাঠাতে অনেক দেরি হওয়ায় অনেক কাঁকড়া মারা যেত। এ অবস্থায় অন্যদের মতো ইঞ্জিনচালিত নৌকায় কাঁকড়া পরিবহনের অনুমতি চেয়ে ২০১৮ সালে প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন দাকোপ ও বটিয়াঘাটাসহ সংশ্লিষ্ট এলাকায় কাঁকড়া আহরণকারী জেলেরা। কিন্তু বন বিভাগ ঐ আবেদনে সাড়া না দেওয়ায় হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট ৩০ দিনের মধ্যে ঐ আবেদন নিষ্পত্তির নির্দেশ দেয়। বন বিভাগ জানায় যে, কাঁকড়া পরিবহনের অনুমতি দেওয়া হবে না। এরপর বন বিভাগের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জাহান আলী গাজীসহ আট জন রিট করেন।