রীতি পালন করতে গিয়ে প্রায় দেড় হাজার ডলফিন হত্যার ঘটনা পুনরায় পর্যবেক্ষণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যারো দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী স্টাইগ নিলসেন। গত রবিবার সমুদ্র উপকূলে এক সঙ্গে ১ হাজার ৪২৮টি ডলফিন হত্যা করা হয়। নরওয়েজিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত ফ্যারো দ্বীপপুঞ্জের এ ঘটনায় কঠোর সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায় এ তথ্য। ৭৫ বছর বয়সি ইলাভুর সেরিয়াবার্গ ও ৭৩ বছর বয়সি হ্যান্স জে হারম্যানসেন ডলফিন হত্যায় অংশ নেন। তারা দুজনই ফ্যারো তিমি অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক চেয়ারম্যান। এ ঘটনার পর কঠোর সমালোচনা শুরু হয় দেশে ও দেশের বাইরে। সমালোচনার মুখে বৃহস্পতিবার পুনরায় ঘটনাটি পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফ্যারো দ্বীপপুঞ্জের তিমি অ্যাসোসিয়েশনটি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয়। তাদের দাবি, চতুর্থ শতকের প্রথা অনুসারে ডলফিনগুলোকে হত্যা করা হয়েছে। মূলত প্রথা অনুযায়ী, প্রাণীগুলোর মাংস ও চর্বি সংগ্রহ করাই ছিল তাদের উদ্দেশ্য। নিয়ম অনুযায়ী, ডলফিনের মাংস স্থানীয়দের মধ্যে বিলি করেন তারা। দ্বীপপুঞ্জটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল।
