স্পোর্টস রিপোর্টার
একে একে বারোটি বছর কেটে গেছে। একটি গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট আয়োজন করতে বাংলাদেশ দাবা ফেডারেশন উদ্যোগ নিয়েও সেটি করতে পারেনি। একেবার একেক সমস্যা দেখা দিয়েছে। ২০০৮ সালে সর্বশেষ গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হয়েছিল। এরপরই তিন বার গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হয়েছিল। সেটি ঢাকার বাইরে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ, ২০০৫ এবং ২০১৮ সালে। এর আগে ২০১১ সালে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের উদ্যোগে একবার এই টুর্নামেন্ট হয়েছিল। যা হোক, এবার বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। গত বছর বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হবে।
আগামীকাল সেই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। লামেরিডিয়ান হোটেলে উদ্বোধন আর বিকাল ৩টায় বিজয় নগর হোটেল ৭১ এ খেলা শুরু হবে। এই হোটেলেই দাবাড়ুরা অবস্থান করবেন এবং সেখানেই খেলবেন। খেলোয়াড়দের কোথাও যাতায়াত করতে হবে না বলে এমন ব্যবস্থা করার কথা গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজক কর্মকর্তারা। ৯ রাউন্ড সুইস লিগের খেলায় ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ডমাস্টারস দাবায় বাংলাদেশসহ ১০টি দেশের ১২ জন গ্রান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার ও তিন জন নারী আন্তর্জাতিক মাস্টার এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। বিদেশি দাবাড়ুরার হলেন—গ্র্যান্ডমাস্টার দীপ দাস গুপ্ত (ভারত), এহসান ঘাইম মাগামি, মাসোউদ মোসাদেগপোর (ইরান), ভাদিম মালাখাটকো (বেলজিয়াম), অড্রে সুমেটস (ইউক্রেন), জুভারেভ আলেক্সান্ডার (ইউক্রেন) ও আলেক্সেউ কিসলিনসি (চেক রিপাবলিক)। আন্তর্জাতিক মাস্টার, ফিদে ও ক্যান্ডিডেট মাস্টাররা হলেন—শেখ মোহাম্মদ নুবাইর শাহ , অরোক ঘোষ, কোস্তোভ চ্যাটার্জি, চক্রবর্তী রেড্ডি মেরেড্ডি, মিত্রভা গুহ, মোকশকুমার অমিতকুমার দোশি, নিলাশ সাহা, সামেদ সেকুয়ার সেটি, সায়ন্তন দাস, সোমক পালিত, শ্রীজিত পাল, শুভায়ন কুন্ডু, সংকল্প গুপ্ত, সংকেত চক্রবর্তী, সৌরথ বিশ্বাস, অরপিতা মুখার্জী (ভারত), লিয়ানাগে রানিদু দিলশান (শ্রীলঙ্কা), সাসিথ নিপুন পিউমান্থা (শ্রীলঙ্কা) এবং রুপেশ জসওয়াল (নেপাল) আবদিহাপার আসিলবেক (কিরগিজস্তান), মাহমুদ লোদি (পাকিস্তান)।
দেশের পাঁচ গ্রান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব, তিন আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান, দুই নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিনসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হয়।
টুর্নামেন্টের বিস্তারিত জানাতে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, দাবা ফেডারেশনের সহসভাপতি কেএম শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ ড. চৌধুরী নাফিজ সরাফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম প্রমুখ।
