যুবাদের প্রথম হার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

সিরিজ জয়ের পরই হারের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে গতকাল সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের কাছে ১৯ রানে হেরে গেছে বাংলাদেশ যুবারা। নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটাই প্রথম পরাজয়। সিরিজের স্কোরলাইন এখন ৩-১। আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

গতকাল টস জিতে ৮ উইকেটে ২১০ রান তুলেছিল আফগানরা। বিলাল আহমদ ৬০, সুলিমান আরবজাই ৪৩ রান করেন। বাংলাদেশের মহিউদ্দিন তারেক ২টি উইকেট পান। জবাবে ৪৪.২ ওভারে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। তাহজিবুল ইসলাম একপ্রান্ত আগলে চেষ্টা করেছিলেন হার ঠেকাতে। সঙ্গীর অভাবে সফল হননি তিনি। ৭৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন তাহজিবুল।  আফগানদের পক্ষে খারোটে, হাসানি, নাভিদ ২টি করে উইকেট নেন। বিলাল ম্যাচ সেরা হন।