স্পোর্টস রিপোর্টার
প্রথম চার দিনের ম্যাচে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামে গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২৯৮ রানে এগিয়ে আছে ‘এ’ দল। এদিন বৃষ্টির বাধায় পড়েছিল ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গোটা দিনে খেলা হয়েছে ৫৪.১ ওভার।
গতকাল ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩৯ রানে। আগের দিনের সংগ্রহের সঙ্গে গতকাল শেষ ৫ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করেছে মিঠুনের দল। যার সিংহভাগই করেছেন ইরফান শুক্কুর। বাঁহাতি এ ব্যাটসম্যান ৮৫ রান করেছেন। মুনিম শাহরিয়ার ১৫, কামরুল ইসলাম রাব্বি ১২ রান করেছেন। এইচপির সুমন খান ৪টি, হাসান মুরাদ ২টি, রেজাউর রহমান রাজা, মাহমুদুল হাসান জয় ১টি উইকেট নেন। গতকাল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি এইচপি। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। তৌহিদ রিদয় ৫ রানে অপরাজিত আছেন। পারভেজ হোসেন ১২, তানজিদ হাসান তামিম ২১ রান করেন। ‘এ’ দলের নাঈম হাসান ২টি, শহীদুল ১টি করে উইকেট পান।
