বিসিবি নির্বাচন
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন মিটিংও করেছে। কাউন্সিলর তালিকা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় এখন নির্বাচন কমিশন। তালিকা চূড়ান্ত হলেই তপশিল ঘোষণা করা হবে। দুই সপ্তাহের আনুষ্ঠানিকতায় নির্বাচন সম্পন্ন হয়ে যেতে পারে।
বিসিবি সূত্রে গতকাল জানা গেছে, আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সেক্ষেত্রে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচন শেষ করার লক্ষ্যমাত্রাও পূরণ হবে।
গত বৃহস্পতিবার মিটিং করেছিল পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক গতকাল বলেছেন, ‘আমাদের একটা মিটিং হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত হলেই তপশিল ঘোষণা হবে।’ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে তিনি বলেছেন, ‘তপশিল ঘোষণা হলে, ওখানে সবগুলো তারিখ দেওয়া থাকবে।’
তবে তপশিল ঘোষণার পর দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের পুরো কার্যক্রম শেষ হয়ে যাবে। কাউন্সিলর তালিকা চূড়ান্ত হয়ে যাবে ২০ সেপ্টেম্বর। এটিই হবে নির্বাচনের ভোটার তালিকা। কাউন্সিলর মনোনয়ন ও চূড়ান্ত করার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ৮ অক্টোবর নির্বাচন আয়োজনের চেষ্টায় আছে বিসিবি।
সবকিছু ঠিক থাকলে টানা তৃতীয়বারের মতো নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। তবে পরিচালকদের তালিকায় কিছু পরিবর্তন আসছে। তপশিল ঘোষণার পরই যা স্পষ্ট হয়ে যাবে।
