প্রণোদনাসহ তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনে সংস্কৃতিকর্মীরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

দাবির মুখে শিল্পকলা একাডেমির মঞ্চের ভাড়া মওকুফ করে দিলেও সারা দেশের শিল্পকলা একাডেমির সব মঞ্চে ভাড়া আগামী বছরের জুন পর্যন্ত মওকুফের দাবিতে অনড় সংস্কৃতি কর্মীরা। সেই সঙ্গে প্রতিটি অনুষ্ঠানের পর প্রণোদনা বাবদ ৫ হাজার টাকা প্রদানের দাবি জনিয়েছেন তারা। তাছাড়া, অসচ্ছল সংস্কৃতি কর্মীদের দয়া করে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত যে সহায়তা দেওয়া হয়েছে তা বাড়িয়ে কমপক্ষে ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। সংস্কৃতি কর্মীদের তিন দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

এর বিপরীতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী জানান, করোনা মহামারির যে অভিঘাত তা কাটিয়ে উঠতে সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করতে হবে। তা নাহলে এই নামমাত্র প্রণোদনা দিয়ে সংগঠনগুলোর স্থবিরতা কাটানো যাবে না।

গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের উন্মুক্ত চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা এ দাবি জানান। সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিশেষ অনুদান প্রদান, বাত্সরিক অনুদান প্রদানের পরিমাণ বৃদ্ধি এবং সারা দেশে শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সকল মিলনায়তনের ভাড়া আগামী বছরের জুন পর্যন্ত মওকুফের দাবিতে সংস্কৃতি কর্মী সমাবেশের আয়োজন করে।

এ প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আবৃত্তিকার আজহারুল হক আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ রায়, পথনাটক পরিষদের সাধারণ  সম্পাদক আহমেদ গিয়াস, চারুশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামাল পাশা, গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজারে চৌধুরী সুইট প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব কেরামত মাওলা, নৃত্যজন আমানুল হক প্রমুখ।

গোলাম কুদ্দুছ বলেন, হল বরাদ্দ বছরব্যাপী মওকুফ ও প্রতিটি সংগঠনকে ৫ হাজার টাকা প্রণোদনা দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

মামুনুর রশীদ বলেন, এ সংস্কৃতি মন্ত্রণালয় কাদের জন্য কাজ করে। সংস্কৃতি কর্মীদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে রাস্তায় প্রতিবাদ করতে হচ্ছে।