একজন ক্লান্ত বিধ্বস্ত মানুষ। ওয়েস্ট কোট পরা মানুষটি মাথায় হাত দিয়ে বসে আছেন কাঠের চেয়ারে। চিত্রকর্মটির নাম ‘ওর্ন আউট’। পেনসিলে আঁকা চিত্রকর্মটি আগে কখনো জনসমক্ষে আসেনি। এবারই প্রথম প্রদর্শিত হচ্ছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম জাদুঘরে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই চিত্রকর্মটি বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের। বিবিসির খবরে বলা হয়েছে, ‘ওর্ন আউট’ নামের এ চিত্রকর্ম ঠিক ভ্যান গগের কি না, তা নিশ্চিত হতে গবেষণাও হয়েছে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভ্যান গগ মিউজিয়াম বলেছে, এটি ১৮৮২ সালে ভ্যান গগের ক্যারিয়ারের শুরুর দিকে আঁকা। পেনসিলে আঁকা ছবিটিতে স্বাক্ষরও আছে ভ্যান গগের। স্বাক্ষরে তিনি লিখেছেন, ‘ভিনসেন্ট’। ১০০ বছরের বেশি সময় ধরে এক ডাচ পরিবারের ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল চিত্রকর্মটি। সেটি প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামে। তবে ভ্যান গগের এই চিত্রকর্মটি আগামী ২ জানুয়ারি পর্যন্ত প্রদর্শিত হবে। এরপর এটি যাবে চিত্রকর্মটির মালিকের সংগ্রহশালায়। ভ্যান গগ জাদুঘরের জ্যেষ্ঠ গবেষক তিও মিদেনদ্রপ বলেন, এ চিত্রকর্ম এর আগে কখনো কোথাও দেখা যায়নি। এই চিত্রকর্মটির দাম কত হতে পারে তা নির্দিষ্ট করে বলা কঠিন বলে মনে করেন তিনি।
খবরে বলা হয়েছে, চিত্রকর্মটি যখন আঁকা হয় তখন ভ্যান গগের বয়স ছিল ২৯ বছর। তখন তিনি হেগ শহরে বসবাস করতেন। বিশেষজ্ঞরা বলছেন, ঐ সময়ে ভ্যান গগের কাজের ধরন বুঝতে এ চিত্রকর্ম সাহায্য করবে।
