মোদির জন্মদিনে ভারতে ১ কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার রেকর্ড

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন ছিলো গতকাল শুক্রবার। এই দিনে প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে রেকর্ড দুই কোটির বেশি ভারতীয় নাগরিককে কোভিড-১৯ টিকা দিয়েছে ভারত সরকার। এদিন আড়াই কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিলো সরকারের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। ভারত সরকারের তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে দেশজুড়ে ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর আগে চীন গত জুনে একদিনে রেকর্ড দুই কোটি ৪৭ লাখ মানুষকে করোনার টিকা দিয়েছিলো।

এদিকে প্রধানমন্ত্রী মোদির ৭১তম জন্মদিনে ২০ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিজেপি। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘সেবা ও সমর্পণ অভিযান’। এরই অংশ হিসেবে একদিনে দুই কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ২০ দিনের এই অভিযান চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন মোদি। সেই কথা মাথায় রেখে বিজেপি স্বচ্ছতা অভিযান এবং রক্তদান শিবিরের আয়োজন করেছে। ভারতের বিভিন্ন অংশ থেকে মোদিকে শুভেচ্ছা জানিয়ে ৫ কোটি পোস্ট কার্ড পাঠানো হবে। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়ে হোর্ডিং, ব্যানারও টাঙিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা।

উত্তরপ্রদেশে মোদির জন্মদিন উপলক্ষে গঙ্গার গতিপথের ৭১টি জায়গায় স্বচ্ছতা অভিযান চালানো হবে। সমাজের বিদ্বজ্জ্বনদের নিয়ে নরেন্দ্র মোদীর জীবন ও কাজের উপর একাধিক ভাষায় আলোচনা সভারও আয়োজন করা হচ্ছে। বিজেপি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, স্বাস্থ্য শিবিরগুলো আয়োজন করা হবে জেলায় জেলায় এবং খাদ্য বিতরণ করা হবে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’ প্রকল্পের আওতায়। এজন্য দলীয় কর্মীদের বাড়তি উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‘সেবা ও সমর্পণ অভিযান’ এর আওতায় আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে ভারতজুড়ে স্বচ্ছতা অভিযানের পাশাপাশি মানুষের কাছে খাদি ও স্থানীয় উত্পাদন ব্যবহারের আর্জি জানাবেন বিজেপি নেতা কর্মীরা। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন শুরু করে বিজেপি। প্রথমে এই অনুষ্ঠানের নাম ছিল ‘সেবা দিবস’।