জেপি চেয়ারম্যানকে পাটুরিয়া ফেরি ঘাটে ফুলেল শুভেচ্ছা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১২

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পাটুরিয়া ফেরিঘাটে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া মানিকগঞ্জে কর্মরত দৈনিক ইত্তেফাকের সংবাদদাতাদের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা জানানো হয়।

এ সময় আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। সংবাদদাতাদের উদ্দেশে তিনি বলেন, ইত্তেফাকের অতীত ঐতিহ্য বজায় রেখে ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই অন্যতম উপায়। তথ্যপূর্ণ সংবাদ ও সরকারের পরিকল্পনা বাস্তবায়নে উন্নত সাংবাদিকতা দিয়ে জনগণের মঙ্গল করতে হবে।

জানা গেছে, দলীয় কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে বেলা ৩টার দিকে তিনি পাটুরিয়া ঘাটে পৌঁছালে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু, জেলা সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র পাল, প্রচার সম্পাদক মো. সানোয়র হোসেন, যুব সংহতির সভাপতি এম নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা সভাপতি মো. হারুনার রশিদ, বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর ডিজিএম জিল্লুর রহমান, পাটুরিয়া ফাঁড়ি পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় আনোয়ার হোসেন মঞ্জুকে ইত্তেফাকের মানিকগঞ্জ সংবাদদাতা আবুল কালাম আজাদ, শিবালয় সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুর, সিংগাইর সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্তী, সাটুরিয়া সংবাদদাতা মো. নজরুল ইসলাম, ঘিওর সংবাদদাতা সফি আলম ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।