রাজশাহীতে সাত নারীসহ মানব পাচারকারী চক্রের ১৬ সদস্য আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার গভীর রাতে নগরের সাহেববাজার স্বর্ণকারপট্টি এলাকায় ওয়েলকাম হোটেলে এ অভিযান চালায় র্যাব সদস্যরা।

শুক্রবার সকালে পাঠানো র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা রাজশাহী অঞ্চলে নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবীসহ মানব পাচারকারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোটেল ওয়েলকামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে সাত জন নারীসহ মানব পাচার চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

এছাড়াও হোটেলের ৩য় তলা থেকে নিরাপদ কনডম ৮০ পিস, যৌন উত্তেজক জেল চার পিস, নারিকেল তেল চার বোতল, ভিজিটিং কার্ড ১০০টি, মোবাইল ২১টি ও নগদ ১ লাখ ৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়েছে।