কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লুত্ফর রেজা খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলের কুমিল্লা উত্তর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং তার সাধারণ সদস্য পদসহ সব পদ-পদবি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তপশিল ঘোষণার পর জাতীয় পার্টির মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা উত্তর জেলা জাপার আহ্বায়ক লুত্ফর রেজা খোকন। সেই মোতাবেক গত ১৩ সেপ্টেম্বর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু বৃহস্পতিবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর থেকে তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ৩০ জুলাই ঐ আসন থেকে পাঁচ বার নির্বাচিত এমপি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনি তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন চার জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছালেহ ছিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
