দিনাজপুরে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে সাতক্ষীরায় নাশকতার প্রস্তুতিকালে ১০ নারী জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির।
দিনাজপুর : দিনাজপুরের তিনটি উপজেলায় একরাতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর টিম বৃহস্পতিবার রাতে তিনটি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এই ৪২ জনকে আটক করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত তারা দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় অভিযান চালায়। অভিযানে তারা জঙ্গি সন্দেহে বিরল উপজেলা থেকে ১৭ জন এবং দিনাজপুর সদর ও বোচাগঞ্জ উপজেলা থেকে বাকি ২৫ জনকে আটক করে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ঢাকার ডেপুটি কমিশনার (স্পেশাল অ্যাকশন) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে শুক্রবার বিকালে জানান, দিনাজপুরের তিনটি স্থানে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃত ৪২ জনকে দিনাজপুর পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, আটককৃতরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
সাতক্ষীরা : সাতক্ষীরায় নাশকতার প্রস্তুতিকালে ১০ নারী জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন শুক্রবার দুপুরে তার অফিস কক্ষে প্রেস ব্রিফিংয়ে জানান, সদর উপজেলার আলীপুর শফির বাঁশতলা নামক স্থানে জামায়াতের কিছু মহিলা কর্মী অবস্থান করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রস্তুতি গ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার এবং পুলিশ পরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে সেখান থেকে জামায়াতের ১০ মহিলা কর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯টি ব্যক্তিগত রিপোর্ট বইসহ জামায়াতে ইসলামের ৩৩টি বিভিন্ন বই এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সদর থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
