আমার রাত পোহালো শারদ প্রাতে...

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৭

গান, কবিতা ও নৃত্যে শরত বরণের আয়োজন করেছিল ছায়ানট। গতকাল শুক্রবার ‘শরত্-প্রাতের আলোর বাণী’ শীর্ষক এই অনলাইন অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান।

ত্রপা মজুমদারের কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’ গ্রন্থের অংশবিশেষ পড়ে শোনান তিনি। এরপর ‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন রিতু পাল, সুপর্ণা লিমা, নওশিন আফরিন ও অঙ্কিতা দাশগুপ্তা। নাচের পরে আবারও গানের পালা। তাহমিদ ওয়াসিফ ঋভু গেয়ে শোনান ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’ শীর্ষক সংগীত। অভিজিত্ দাসের গাওয়া গানের শিরোনাম ছিল ‘পোহালো পোহালো বিভাবরী’। শ্রাবণী মজুমদার শুনিয়েছেন ‘হূদয়ে ছিলে জেগে, দেখি আজ শরতমেঘে’। এরপর শঙ্খনাদ মল্লিক গেয়ে শোনান ‘তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে’ আর নৃত্য পরিবেশন করেন অর্ণ কমলিকা। ‘তুমি উষার সোনার বিন্দু’ গানটি গেয়ে শোনান দীপ্র নিশান্ত। আইরিন পারভীন অন্না গেয়েছেন ‘অমল ধবল পালে লেগেছে’। মোস্তাফিজুর রহমান তূর্য শুনিয়েছেন ‘শরত আলোর কমলবনে/বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে’।

‘আমার নয়ন-ভুলানো এলে’ গানের সুরে বৃন্দনৃত্য পরিবেশন করেন মধুরিমা দে, মহিমা স্বাগতা, লাইশ্রম লৈকা দেবী ও নিকিতা মুখার্জী। শুক্লা পাল সেতু গেয়েছেন ‘আমার মনের মাঝে যে গান বাজে’। ‘শরতে আজ কোন্্ অতিথি এল প্রাণের দ্বারে’ গানটি পরিবেশন করেন চঞ্চল বড়াল। রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কবিতা আবৃত্তি করেন জহিরুল হক খান। তানিয়া মান্নান গেয়ে শোনান ‘এসো শরতের অমল মহিমা’। লাইসা আহমদ লিসা শুনিয়েছেন ‘আজি শরততপনে প্রভাতস্বপনে’।

সব শেষে ছিল বৃন্দপরিবেশনা। ‘কোন খেপা শ্রাবণে ছুটে এলো’ গানের সুরে নাচ করেন নোশিন আনজুম, মেঘমালা মেঘশ্রী রহমান ও সূর্যিমালা সুরশ্রী রহমান। কোরাসে গানটি গেয়েছেন শুক্লা পাল সেতু, ফারজানা আক্তার পপি, মোস্তাফিজুর রহমান তূর্য, তাহমিদ ও ওয়াসিফ ঋভু।