কক্সবাজার সৈকতে মিলল অজ্ঞাত দুই যুবকের লাশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৮

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে ভাসমান অবস্থায় অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার বেলা ১টা ও বেলা ৩টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাদের এক জনের বয়স ১৮-২০ ও অন্যজনের ২৪-২৫ বছর হতে পারে। তবে তাদের পরিচয় জানা যায়নি। জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সি-সেফ লাইফ গার্ডের সুপারভাইজার মুহাম্মদ ওসমান জানান, দুপুরে পর্যটকবাহী ‘জেড স্কি’ সমুদ্রের একটু গভীরে গেলে কিছু ভাসতে দেখে লাইফ গার্ড কর্মীদের জানায়। তখন লাইফ গার্ড কর্মীরা সাঁতার কেটে গিয়ে ভাসমান লোকটিকে তীরে নিয়ে আসে। এর ঘণ্টা তিনেক পর একই ভাবে আরো একটি ভাসমান দেহ দেখে জানালে একই ভাবে তাকেও উদ্ধার করা হয়।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, প্রথম পাওয়া লাশটি দুয়েক দিন আগে পানিতে পড়েছে হয়তো। তবে লাশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। মৃতদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রাখার ব্যবস্থা করা হয়েছে।