নোয়াখালীতে পল্লি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল পানিতে মারা গেলেন চার জন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:২৯

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়েছে। পল্লি বিদ্যুতের স্টিলের একটি খুঁটির তার ছিঁড়ে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিলমুদ গ্রামের চৌকিদার বাড়ির আবুল বাশারের ছেলে মো. আব্দুর রহিম (৫৬), উজির আলীর ছেলে মো. ইউছুফ (৪৮), মো. আবুল হোসেনের ছেলে মো. সুমন (৩৫) এবং রমজান আলী বাড়ির মো. শহীদের ছেলে মো. জুয়েল (১৮)।

বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুর রহিম তার বাড়ির পাশে খেতে সবজি তুলতে যান। খেতের মধ্যখানে থাকা পল্লি বিদ্যুতের স্টিলের একটি খুঁটির তার ছিঁড়ে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। আব্দুর রহিম খেতে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হন। এ সময় তার চিত্কারে পাশে থাকা তার ভাতিজা সুমন, ভাগিনা ইউছুফ ও পাশের বাড়ির জুয়েল তাকে বাঁচানোর জন্য পানিতে নামলে তারাও বিদ্যুত্স্পৃষ্ট হন। তিন জনকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাদের মৃত বলে জানান। বিদ্যুত্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।