চীনা নভোচারীরা ৯০ দিনের মহাকাশ মিশন শেষে পৃথিবীতে ফিরেছেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১

চীন সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য তিনজন নভোচারীকে মহাকাশ মিশনে পাঠানোর পর তারা আবার পৃথিবীতে ফিরে এসেছেন। চীনের এই সফল মহাকাশ অভিযান চীনের মহাকাশ কর্মসূচি এগিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করেছে এবং মহাকাশ গবেষণার দৌড়ে চীন আরও এক ধাপ এগিয়ে যাওয়ায় তাদের আস্থাও বেড়েছে। তিনজন নভোচারী পৃথিবীর ৩৮০ কিলোমিটার (২৪০ মাইল) উপরে চীনের তৈরি মহাকাশ স্টেশনে তিয়ানহে মডিউলে ৯০দিন সময় অতিবাহিত করেন। তারা গত বৃহস্পতিবার স্পেস স্টেশন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে, শেনঝু-১২ নামের নভোচারী-চালিত মহাকাশযানে ওঠেন। নিই হাইশেং, লিউ বোমিং এবং টাং হনবো গতকাল স্থানীয় সময় দুপুর একটা ৩৫ মিনিটে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন। তারা মহাকাশে যাত্রা করেন ১৭ জুন এবং গোবি মরুভূমি থেকেই তাদের নিয়ে নভোযান রওয়ানা হয়।