বিনোদন ডেস্ক
বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু, পাঞ্জাবি, আসামি, বিহারী, ইংরেজিসহ নানা ভাষায় অসংখ্য গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ী। ভারত-বাংলাদেশের অসংখ্য সিনেমায় সুরের মূর্ছনা ছড়িয়েছেন তিনি। গানগুলো প্রশংসা অর্জনের পাশাপাশি আজও দর্শক হূদয়ে স্থান দখল করে আছে। তবে সংগীতের এই গুণী মানুষটি বর্তমানে গুরুতর অসুস্থ বলে জানা গেছে। এমনকি তিনি আর কখনো গান গাইতে পারবেন কি-না এ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গলার স্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ী। আর কোনোদিন তিনি গাইতে পারবেন কি-না সে নিয়েও দেখা দিয়েছে সংশয়!
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাপ্পি লাহিড়ী করোনা আক্রান্ত হন। এরপর থেকেই শারীরির অবস্থার অবনতি হতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায় তার। খবরটি বলিউড পাড়ায় তার কণ্ঠ হারানো নিয়ে জোর আলোচনা শুরু হয়। তবে এবার জানা গেছে, গত ৫ মাস ধরে নাকি একেবারেই কথা বলছেন না এই শিল্পী!
বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী তার বাবা করোনা আক্রান্ত হওয়ার পরই আমেরিকা থেকে মুম্বাইয়ে চলে আসেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘বাবা খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। তবে যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। বাবা কথা বলছেন না, কারণ এই কথা না বলাটা চিকিত্সার অংশ। চিকিত্সকই বাবাকে বলেছেন কণ্ঠের বিশ্রাম দিতে।’
