১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:০৬

 

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের পূর্ণাঙ্গ বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ২০১৫ সাল থেকে দেশে নিয়মিত এই অলিম্পিয়াড আয়োজিত হয়ে আসছে। এবছর ছিল এর সপ্তম বছর। করোনা অতিমারির মধ্যে গত জুলাই মাস থেকে অনলাইনে এই আয়োজনের কার্যক্রম শুরু হয়। এবছর ৬ সদস্যের আইজেএসও বাংলাদেশ দলে আছে খুলনা জেলা স্কুলের এস, এম, আব্দুল ফাত্তাহ (৯ম), বরিশাল ক্যাডেট কলেজের মুহতাসিন আল ক্বাফি (এসএসসি ’২১), ময়মনসিংহ জেলা স্কুলের অম্লান দে অভীক (এসএসসি ’২১), আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের আবদুর রহমান (৯ম) এবং খুলনা জেলা স্কুলের কাজী নাদিদ হোসেন (৯ম) ও স্বাধীন রায় সানি (এসএসসি ’২১)। এরাই ডিসেম্বরে আবুধাবি কর্তৃক আয়োজিত ১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-তে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে। আইজেএসও বাংলাদেশ দলের প্রধান দলপতি হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান। পর্যবেক্ষক হিসেবে আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অনুষ্ঠান সমন্বয়ক মাহমুদ মীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌতম পাল। সুপারভাইজার হিসেবে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদা আক্তার মীম ও গ্রীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল ইসলাম। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আগামী ৩ মাস বাংলাদেশ আইজেএসও দলের প্রস্তুতির জন্য বেশ কিছু ক্যামপ আয়োজন করবে।