মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙ্গা বাজারের বংশাই স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন উত্তর পাশের সড়কটি খানাখন্দে বেহাল। ফলে বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রায়ই সড়কে মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান ও ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ছে। এ ব্যাপারে আজগানা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার বলেন, সড়কটি সংস্কারের জন্য স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এলজিইডি অফিসকে একাধিকবার জানানো হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই কাজ করা হবে।
