ফুলবাড়ীতে ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে গত দুই দিনের টানা বৃষ্টিপাতে জনদুর্ভোগ চরমে উঠেছে। সব চেয়ে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় ভয়ে খেতে কাজ করতে পারছেন না কৃষকরা। অন্যদিকে বৃষ্টিতে উপজেলা পরিষদসহ সদরের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে চলাচলে ভোগান্তি বেড়েছে। ভ্যানচালক বাবুল জানান, বৃষ্টির কারণে গত দুই দিন ধরে ভাড়া পাচ্ছি না। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৮ পয়েন্ট ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-তিন দিন মৌসুমি বায়ুর প্রভাবে হালকা ও মাঝারিসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।