চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার রাতে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের প্রবোধ সাহার ছেলে প্রসেনজিত সাহা (১৮)। র্যাবের প্রেস বিজ্ঞপিতে বলা হয়েছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১০টার দিকে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার অধিনায়ক মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় প্রসেনজিত সাহাকে একটি পিস্তুল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে এবং প্রসেনজিত সাহাকে থানা পুলিশের সহায়তায় অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
