তাড়াশে সড়কের ওপর ট্রাক রেখে ধান লোড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশের বিনসাড়া হাট এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়কের ওপর ট্রাক রেখে ধান লোড করা হয় প্রতিদিন। ফলে এসব সড়ক দিয়ে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, রবি ও বুধবার সপ্তাহে দুই দিন বিনসাড়া হাট বসে। এ দুই দিন স্থানীয় ব্যবসায়ী ধান কিনে রাখেন। যা পরে বিভিন্ন জেলা উপজেলার মিলারদের কাছে বিক্রি করা হয়। এ সময় তারা সড়কের ওপর ট্রাক রেখে ধান লোড করে।

শনিবার সরেজমিনে দেখা গেছে, বিনসাড়া হাট এলাকার কাজিপুর গ্রামীণ সড়কের ওপর ট্রাক রেখে ধান লোড করা হচ্ছে। এ ট্রাকটি সড়কের মধ্যেখানে রাখার কারণে দুপাশ দিয়ে যাতায়াতের কোনো জায়গা নাই বললেই চলে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা হাট বাজার ইজারা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মেজবাউল করিম বলেন, মানুষ জনের অবাধ যাতায়াতে কোনোভাবেই ব্যাঘাত করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।