খুলনায় সালিশ বৈঠকে হামলায় যুবকের মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

খুলনা অফিস

খুলনায় গত শুক্রবার রাতে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মামুন হাওলাদার (২৪)। জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার রেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। মামুন তেঁতুলতলা এলাকার বাবুল হাওলাদারের ছেলে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা রেল ক্রসিংয়ের পাশে একটি স্থানে সালিশ বৈঠক চলছিল। বৈঠকের একপর্যায়ে হট্টগোল শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার নামের এক যুবক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।