নাটোর প্রতিনিধি
নাটোরে ডোপ টেস্ট করে সাত মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের ফুল বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ রাজশাহী, সিপিসি-২ নাটোর ক্যাম্প হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানার ফুল বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় রিপন আলী, জাহাঙ্গীর আলম, আলী হোসেন সুজন, করিম মৃধা, শাস্ত শেখ, আশিক ও আসিফ হোসেনকে আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্টে সাত জনেরই পজিটিভ হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
