বরিশাল অফিস
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, শিগিগরই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনা হবে। এ বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।
শুক্রবার রাতে সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং অ্যাসাইনমেন্ট বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক আরো বলেন, শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। তবে আবারও যদি করোনা সংক্রমণ বৃদ্ধি পায় তবে আগের মতো অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়ন করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন। সভায় বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সব সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
